থানচিতে বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি,বান্দরবান:
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ নির্মাণে ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের থানচিতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশ নেন।
পরে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা। অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাজমিদা আফরোজ তাবাসসুম সভা সঞ্চালনা করেন। বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক ম্যাখ্যাঝনু মার্মা এবং সহকারী শিক্ষক ছোটন দত্ত, নুচিংথুই মার্মা, লিপি ত্রিপুরা ও বিষ্ময় আর।
বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়াতে স্থানীয় বাস্তবতা বিবেচনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা বলেন, ‘শিক্ষক শুধু পাঠদান করেন না, তাঁরা একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গড়ে তোলেন। তাই শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষার পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব।’




