পার্বত্য অঞ্চলবান্দরবান

থানচিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

থানচি, বান্দরবান:
বান্দরবানের থানচিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (০৬ জুলাই) সকাল সাড়ে ১০টা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মিশু চন্দ্র পাল-এর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি।

 

সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন অংশগ্রহণকারীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। এছাড়াও উপস্থিত ছিলেন থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিদ হোসেন, থানচি থানার সাব-ইন্সপেক্টর মাসুদ রানা, থানচি পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জমির উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন সমতলের পাশাপাশি পাহাড়ি জনপদও সমানভাবে উন্নয়নের সুফল ভোগ করবে। পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি ও জীবিকা দেশের মূল্যবান সম্পদ। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর দীর্ঘদিনের সম্প্রীতির বন্ধন অটুট রেখে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নিরাপদ পানির ব্যবস্থা, কৃষি, পর্যটন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণই পল্লী উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত।

 

বক্তারা পাহাড়ি অঞ্চলের টেকসই উন্নয়নের লক্ষ্যে পাহাড় ও বন সংরক্ষণ, ঝুম চাষের পাশাপাশি আধুনিক ও লাভজনক কৃষি প্রযুক্তির প্রসার, ফল, আদা, হলুদ, কাজুবাদাম, কফি, বাঁশসহ সম্ভাবনাময় কৃষিপণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ বৃদ্ধি, নারীদের আত্মকর্মসংস্থান ও যুবসমাজের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ, দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং জলবায়ু পরিবর্তন, ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Related Articles

Back to top button