খাগড়াছড়িতে রুফটপ সোলার স্থাপনের দাবিতে স্মারকলিপি

খাগড়াছড়ি প্রতিনিধি:
দেশজুড়ে সরকারি ভবনের ছাদে ৫ হাজার মেগাওয়াট রুফটপ সোলার স্থাপনের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে খাগড়াছড়িতে প্রচারাভিযান ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম, জাবারাং কল্যাণ সমিতি, ক্লিন ও বিডাব্লিউজিইডি’র যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রচারাভিযানে বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে জ্বালানি সংকট, আমদানি নির্ভরতা ও জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ পরিস্থিতিতে সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের অব্যবহৃত ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন সময়োপযোগী ও টেকসই উদ্যোগ হতে পারে।
তারা বলেন, রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে, বিদ্যুৎ ব্যয় হ্রাস পাবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং স্থানীয় পর্যায়ে সবুজ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-খাগড়াছড়ি জেলার সভাপতি অরুণ কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক ইখিন চৌধুরীসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশের সব জেলা প্রশাসক কার্যালয়ে তিন মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপনের নির্দেশনা দিয়েছে। তারা এ উদ্যোগকে পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
পরে খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ স্মারকলিপি গ্রহণ করেন।
এসময় বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




