খাগড়াছড়িতে আওয়ামীলীগ নেতা সহ দুইজন আটক

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতা ও প্রতারণা মামলার এক আসামি সহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৪ জানুয়ারি) বিকেলে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকা থেকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম-কে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মো. তাজুল ইসলামের বিরুদ্ধে হামলা, ভাঙচুর সহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। এর মধ্যে মাটিরাঙ্গা থানায় ৬টি এবং খাগড়াছড়ি সদর থানায় আরও ৫টি মামলার আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অন্যদিকে, শনিবার রাতে খাগড়াছড়ি সদর থানা পুলিশ পৃথক অভিযানে সদর থানাধীন দক্ষিণ গঞ্জপাড়া এলাকা থেকে ১৬ মামলার আসামি মো. ইউনুছ মিয়া (৩৮)-কে আটক করে। তিনি মাটিরাঙ্গা উপজেলার বড়বিল মুসলিম পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মো. ইউনুছ মিয়ার বিরুদ্ধে প্রতারণাসহ বহু মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে সর্বশান্ত করার অভিযোগ রয়েছে। খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা এফআইআর নং-৯ সহ একাধিক মামলায় তিনি অভিযুক্ত।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




