ক্যচুপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৩৮ বিজিবি- র শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ
বান্দরবান প্রতিনিধি:
নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চলমান বিশেষ অপারেশনের পাশাপাশি দুর্গম এলাকার শিক্ষা ও জনকল্যাণে মানবিক উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় ক্যচু পাড়া এলাকায় শিক্ষার্থী ও স্থানীয় পাড়াবাসীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।
বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে গত ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অপারেশন পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে ক্যচুপাড়া এলাকায় বেইজ ক্যাম্প স্থাপন করে সমন্বিতভাবে আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।
মঙ্গলবার (১১ আগস্ট) চলমান বিশেষ অপারেশনের কার্যক্রম পরিদর্শন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ক্যচুপাড়া বেইজ ক্যাম্প পরিদর্শন করেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক।
এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে ক্যচুপাড়া সহকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক। একই সঙ্গে স্থানীয় পাড়াবাসীর মাঝেও শিক্ষা সহায়ক সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও বিদ্যালয়ে উপস্থিতির জন্য উৎসাহিত করেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন। দুর্গম অঞ্চলের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিজিবির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় পাড়াবাসীর সঙ্গে মতবিনিময়কালে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও জন কল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তা ও মানবিকতার সমন্বয়ে এসব কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।




