অবৈধ অনুপ্রবেশে মিয়ানমারের দুই নাগরিকসহ সহযোগী গ্রেপ্তার ৩

থানচি, বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারী নাগরিক ও তাদের এক বাংলাদেশি সহযোগীকে আটক করে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, আটক তিনজনের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহনে তাদের বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— মিয়ানমারের মংডু উপজেলার এলাকার বাসিন্দা মা তুন যং ম্রো (২০), মা তুন ইয়াং ম্রো (২১) এবং তাদের সহযোগী থানচি উপজেলার সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামের বাসিন্দা মুয়ই ম্রো (৪৬)। তিনি থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রোর আপন ছোট ভাই।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার বলেন, “সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও এ-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সীমান্তবর্তী বংকুপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা মিয়ানমারের দুই নারী নাগরিক ও তাদের বাংলাদেশি সহযোগীকে আটক করেন। পরে রাতেই তাদের থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।




