খাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চল

৩৮ দলের অংশগ্রহণে পানছড়িতে ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল শুরু

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

 

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পানছড়ি উপজেলা মাঠে একতা এন্টারপ্রাইজের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. দিদারুল আলম।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। দুর্গম পাহাড়ি এলাকার কিশোর-তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার কার্যকর মাধ্যম। মোবাইল গেম ও মাদকের আসক্তি থেকে বেরিয়ে তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন।

 

 

অনুষ্ঠানে পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ও টুর্নামেন্টের প্রধান আয়োজক জুলফিকার আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পাইয়ং কার্বারী পাড়া ফুটবল একাদশ বনাম লোগাং শান্তিনগর স্পোটিং ক্লাব। উক্ত ম্যাচে টাইব্রেকারে পাইয়ং কার্বারী পাড়া ফুটবল একাদশ ৩-১ গোলে লোগাং শান্তিনগর স্পোটিং ক্লাবকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করে। ম্যাচটি দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

আয়োজক কমিটি জানায়, এবারের টুর্নামেন্টে মোট ৩৮টি দল অংশ নিচ্ছে। ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।

Related Articles

Back to top button