রুমার দুর্গম গ্যালেংগায় হামের উপসর্গে শিশুর মৃত্যু
আক্রান্ত শিশুদের হাসপাতালে পাঠালো বিজিবি

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গ্যালেংগা ইউনিয়নের অংলাই পাড়ায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই এলাকায় আরও ১০ থেকে ১২ জন শিশু হামের উপসর্গে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি জানতে পেরে তাৎক্ষণিক উদ্ধার ও চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।
সোমবার (২০ জুলাই) হামের উপসর্গে আক্রান্ত কপাও ম্রো (১৩), পিতা চন্দ্রয় ম্রো, চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে রুমা উপজেলার ৪ নম্বর গ্যালেংগা ইউনিয়নের অংলাই পাড়ার বাসিন্দা।
বিজিবি জানায়, ঘটনার খবর পাওয়ার পর বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস-এর নির্দেশনায় গ্যালেংগা বিজিবি ক্যাম্প থেকে একটি বিশেষ টহল দল আক্রান্ত এলাকায় পাঠানো হয়। টহল দল হামের উপসর্গে আক্রান্ত শিশুদের শনাক্ত করে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ সময় স্থানীয়দের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা, দ্রুত চিকিৎসা গ্রহণ এবং সংক্রামক রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গম এলাকার মানুষের জীবন রক্ষা ও জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতেও বাহিনীটি নিয়মিত কাজ করছে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।




