পার্বত্য অঞ্চলবান্দরবান

গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা

থানচি,বান্দরবান:
দুর্গম পাহাড়ি জনপদে শুধু নিরাপত্তা নয়, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

 

সবুজ পাহাড় গড়ে তোলা, পাহাড়ধসের ঝুঁকি কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্য নিয়ে রোববার (১৯ জুলাই) থানচি উপজেলার সিমত্লাংপি পাড়ায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

বাকলাইপাড়া সাবজোনের তত্ত্বাবধানের তামলোপাড়া ক্যাম্প ও ২৪ কিলোমিটার ক্যাম্প আয়োজন করেন। কর্মসূচিতে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর শিশু, কিশোর, নারী ও প্রবীণরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সেনাসদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন পুরো এলাকায় ইতিবাচক সাড়া ফেলে।

 

বৃক্ষরোপণ কার্যক্রমে নেতৃত্ব দেন তামলোপাড়া ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মিরাজ। এ সময় ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দুইজন জুনিয়র কমিশন্ড কর্মকর্তা (জেসিও) এবং অন্যান্য সেনাসদস্য উপস্থিত ছিলেন।

 

 

বৃক্ষরোপণ শেষে লেফটেন্যান্ট মিরাজ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও আর্থসামাজিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেনাবাহিনী ও জনগণের পারস্পরিক আস্থার প্রতিফলন। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সেনাবাহিনী স্থানীয় জনগণের পাশে থাকবে।

 

 

সিমত্লাংপি পাড়ার কারবারি কোয়ারখার বম বলেন, সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ে যেকোনো সংকটে সেনাবাহিনী তাদের সবচেয়ে বড় ভরসা। এই কর্মসূচির মাধ্যমে শুধু গাছই লাগানো হয়নি, পরিবেশ সংরক্ষণ ও আগামী প্রজন্মের জন্য সচেতনতার বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে।

 

 

অনুষ্ঠানের শেষপর্যায়ে পাড়াবাসীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ একদিকে যেমন পাহাড়ের জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে, অন্যদিকে সেনাবাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

Related Articles

Back to top button