বন্যাকবলিত পানছড়ির তালুকদার পাড়ায় ৩ বিজিবির ত্রাণ সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তালুকদারপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, চাল, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় লোগাং জোনের উদ্যোগে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম এবং ৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইমরুল কায়েস।
ত্রাণ বিতরণের পাশাপাশি বিজিবির কর্মকর্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। টানা অতিবৃষ্টিতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে ৩ বিজিবি কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও ভবিষ্যতে অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে বিজিবির এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে তারা আশা প্রকাশ করেন।




