খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই কৃষি চর্চায় কৃষকদের প্রশিক্ষণ

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুমারধন রোয়াজা পাড়ায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের লক্ষ্যে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তির ব্যবহার ও টেকসই চাষাবাদ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ঐতিহ্যবাহী কৃষি ফসলের পুনরুজ্জীবন, টেকসই কৃষি প্রযুক্তির প্রসার, খাদ্য ব্যবস্থার সহনশীলতা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা।

 

 

জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প কর্মকর্তা দয়ানাথ রোয়াজা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-সহকারী কৃষি কর্মকর্তা গায়ত্রী খীসা। তিনি অংশগ্রহণকারী কৃষকদের ট্রাইকো-কম্পোস্ট তৈরির আধুনিক পদ্ধতি, মাটির উর্বরতা বৃদ্ধি, রোগবালাই দমন এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

 

 

প্রশিক্ষণটি জাবারাং কল্যাণ সমিতি বাস্তবায়িত “সহনশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে ঐতিহ্যবাহী ফসলের পুনরুজ্জীবন ও টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ (ST-NRM)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। প্রকল্পটি আইএফএডি (IFAD)-এর অর্থায়নে এবং টেবতেবা ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

 

 

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করে, উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করে এবং ফসলের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রেও এটি কার্যকর অবদান রাখবে।

 

 

প্রশিক্ষণে স্থানীয় কৃষক, নারী কৃষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং কৃষিতে জৈবভিত্তিক প্রযুক্তির প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।

Related Articles

Back to top button