লক্ষ্মীপুরে কুপিয়ে হত্যা মা ও দুই বোনের পর মারা গেল কিশোরী ইকরা, গণপিটুনিতে অভিযুক্তেরও মৃত্যু
ডেক্স রিপোর্ট: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঘরে ঢুকে কুপিয়ে হত্যার ঘটনায় আহত ইকরা বেগমেরও (১৭) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় তার মা ও দুই বোন নিহত হন। আজ দুপুরে রায়পুর পৌর শহরের ধানহাটা–সংলগ্ন এলাকার নদীর পারের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার পরপরই হত্যায় অভিযুক্ত যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।অভিযুক্ত ওই যুবকের নাম অন্তর মজুমদার (২৮)। তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা। লক্ষ্মীপুরের রায়পুরে তিনি ভাসমান ফল বিক্রেতা হিসেবে কাজ করতেন বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ।
পুলিশ জানায়, এ হত্যাকাণ্ড কী কারণে হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। হামলাকারীর সঙ্গে ওই পরিবারের পূর্ব কোনো পরিচয় ছিল না কি না, কী নিয়ে বিরোধ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে কোপানোর অভিযোগ ওঠে অন্তর মজুমদারের বিরুদ্ধে। এতে ঘটনাস্থলেই মা শাহীনুর বেগম (৪০) ও মেয়ে সিপা আক্তারের (১০) মৃত্যু হয়। একই ঘটনায় গুরুতর আহত ছায়মা আক্তারের (২১) মৃত্যু হয় লক্ষ্মীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর। আর আরেক মেয়ে ইকরা বেগম (১৭) তখন গুরুতর আহত ছিল। চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।




