খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি:
“বিদায় মানে শেষ নয়, বিদায় মানে নতুন স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার সাহসী অঙ্গীকার।” এই প্রত্যয়কে ধারণ করে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সাফল্য কামনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা জীবনের প্রতিটি ধাপই নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। বিদায় কোনো সমাপ্তি নয়; বরং জীবনের বৃহত্তর লক্ষ্য অর্জনের পথে আত্মবিশ্বাস, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার নতুন সূচনা। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, স্মৃতিচারণ, শুভকামনা বার্তা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ শিক্ষাজীবনের অসংখ্য স্মৃতি, শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক সম্পর্ক এবং ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে বিদায়ী শিক্ষার্থীরা নতুন উদ্দীপনায় সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও মানবিক চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কলেজটির গৌরবময় সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক হাসু চাকমা, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সফল চাকমা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কৃতি চাকমা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মেহেরুন্নিসা বেগম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইমরুল হাসান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আতিকুর রহমান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. মামুন সহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও শুভকামনা জানানো হয়। বিদায়ী শিক্ষার্থীদের অনেকেই আবেগঘন মুহূর্তে প্রিয় ক্যাম্পাস, শ্রদ্ধেয় শিক্ষক ও সহপাঠীদের স্মৃতি হৃদয়ে ধারণ করে নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের এই বিদায় সংবর্ধনা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং স্বপ্ন, সম্ভাবনা ও আগামী দিনের সফলতার পথে শিক্ষার্থীদের অনুপ্রেরণার এক উজ্জ্বল মাইল ফলক হয়ে থাকবে।




