খেলাধুলাপার্বত্য অঞ্চলবান্দরবান

থানচিতে অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলায় অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ-২০২৬ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় থানচি মিনি স্টেডিয়ামে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ-এর আয়োজনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

মংসিংউ মারমা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো। সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল, সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, থানচি প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, সমাজপতি নুমংপ্রু মারমা, প্রধান শিক্ষক ক্যসাচিং মারমা এবং স্থানীয় ক্রীড়া সংগঠকবৃন্দ।

 

বক্তারা বলেন, ক্রীড়া চর্চা তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড়ি অঞ্চলের অনূর্ধ্ব-১৭ বালক-বালিকাদের প্রতিভা বিকাশে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সাফল্য বয়ে আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা ছেলে-মেয়ে নির্বিশেষে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনূর্ধ্ব-১৭ বয়সী ২৪ জন বালক ও ২৬ জন বালিকাসহ মোট ৫০ জন অংশগ্রহণ করে। কোচ অধিনায়ক অংথোয়াইচিং মারমা জানান, নিয়মিত অনুশীলন ও দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে খেলোয়াড়দের দক্ষতা ও মানোন্নয়ন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

 

আয়োজকরা জানান, জেলা পরিষদের অর্থায়নে অংশগ্রহণকারী প্রত্যেককে নাস্তা, যাতায়াত ও অংশগ্রহণ ভাতা বাবদ প্রতিদিন ৩৫০ টাকা হারে ১০ দিনের জন্য মোট ৩,৫০০ টাকা নগদ প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেককে একটি করে ফুটবল বুট, জার্সি সেট, সেভগার্ডসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও বল, নেট, কিপার গ্লাভস, কোণ মার্কার ও একটি সর্বজনীন কিটবক্স সরবরাহ করা হয়েছে।

 

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় ক্রীড়ামোদী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে একটি প্রীতি ম্যাচ আয়োজনের মাধ্যমে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button