চট্টগ্রাম অঞ্চলবান্দরবান

থানচিতে ট্যুরিস্ট গাইড সমবায় সমিতির জমজমাট কাউন্সিল

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলায় ট্যুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে জওয়াইপ্রু সভাপতি, ক্লেমেট সম্পাদক এবং কিরন জ্যোতি সংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি ৩৩ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।

 

বুধবার সকালে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভা ও নির্বাচন/সিলেকশন কার্যক্রমের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ কমিটি গঠন করা হয়।

 

সমিতির প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, নির্ধারিত নিয়ম অনুসরণ করে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে সর্বসম্মত সিদ্ধান্তে বিভিন্ন পদে তিনজনকে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে এবং গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।

 

কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ম্যানুয়েল ত্রিপুরা ইমন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। এসময় বক্তব্য দেন বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রাজু খিয়ান, লালপিয়াম বমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, থানচি উপজেলার পর্যটন খাত দিন দিন সম্প্রসারিত হচ্ছে এবং এ খাতে ট্যুরিস্ট গাইডদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুসংগঠিত ও দায়িত্বশীল কমিটি গাইডদের অধিকার রক্ষা, প্রশিক্ষণ প্রদান, শৃঙ্খলা বজায় রাখা এবং পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

 

তারা আরও বলেন, নতুন কমিটি গাইডদের পেশাগত মানোন্নয়ন, নিবন্ধন প্রক্রিয়া সুশৃঙ্খল করা, পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করবে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, সঠিক দিকনির্দেশনা প্রদান এবং এলাকার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

 

নবনির্বাচিত নেতৃবৃন্দ সকল গাইড সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমিতিকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। সভা শেষে নবগঠিত কমিটির জন্য উপস্থিত সদস্যরা শুভকামনা জানান।

Related Articles

Back to top button