সীমান্ত নিরাপত্তায় রামগড় ব্যাটালিয়নের আওতাধীন রহমতপুর বিওপি উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী রহমতপুরে নবনির্মিত বর্ডার আউটপোস্ট (বিওপি) উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রামগড় ৪৩ বিজিবির আওতাধীন রহমতপুর বিওপিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নতুন বিওপিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) আভিযানিক কার্যক্রম আরও গতিশীল হবে।
উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), গুইমারা সেক্টর কমান্ডার, রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিজিবি মহাপরিচালক সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদস্যদের সর্বদা সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ফলে বিজিবি সদস্যরা আরও উৎসাহের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। বিশেষ করে ফটিকছড়ির দুর্গম সীমান্তে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে রহমতপুর বিওপি অগ্রণী ভূমিকা পালন করবে।




