রাঙ্গামাটিতে চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের যাত্রা শুরু

রাঙ্গামাটি :
পার্বত্য অঞ্চলের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ছড়িয়ে রাঙ্গামাটিতে শুরু হয়েছে ‘রাঙ্গামাটি চ্যাম্পিয়ন্স ফুটবল লিগ’। জেলার ১০ উপজেলার ফুটবল দল নিয়ে আয়োজিত এ আসরের উদ্বোধন হয়েছে মঙ্গলবার চিংহ্লা মং মারী স্টেডিয়ামে।
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, পিএসসি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বরকল ও লংগদু উপজেলা দল। ম্যাচ দেখতে স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার আব্দুর রকিব, পিপিএম, পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব সাইফুল ইসলাম ভূট্টোসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ক্রীড়ার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণেও সেনাবাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। স্বাস্থ্যসেবা, বিনামূল্যে চিকিৎসা, চোখের ছানি অপারেশন, নারীদের প্রশিক্ষণ এবং বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয়দের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আঞ্চলিক সংগঠনের এক নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
রিজিয়ন কমান্ডার আরও বলেন, সম্প্রতি অতিবৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সেনাবাহিনী দাঁড়িয়েছে। তবে যারা জনগণের কাছ থেকে চাঁদা আদায় করে, দুর্যোগের সময় তাদের মানুষের পাশে দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, পাহাড়ের মানুষ এখন অনেক সচেতন। অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে জনগণই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আয়োজকদের আশা, এ ফুটবল লিগের মাধ্যমে পার্বত্য এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ, পারস্পরিক সম্প্রীতি এবং সামাজিক শৃঙ্খলা জোরদারেও এ আয়োজন ভূমিকা রাখবে।




