থানচিতে বনভূমি পুনরুদ্ধার কার্যক্রম ও পরিবেশবান্ধব বনজ্যবাগান পরিদর্শন

থানচি ,বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের থানচি উপজেলায় বনভূমি পুনরুদ্ধার ও পরিবেশবান্ধব বনজ্যবাগান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তিনি উপজেলার বলিপাড়া ইউনিয়নের মেনরোয়া পাড়া, হৈতং খুমী পাড়া ও ডাকছৈ পাড়াসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় গড়ে ওঠা বনজ্যবাগান ঘুরে দেখেন এবং প্রকল্প কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধার ও টেকসই পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করতে “Scaling up Forest Landscape Restoration in Chittagong Hill Tracts” প্রকল্পের আওতায় থানচিতে প্রদর্শনী বনজ্যবৃক্ষ বাগান স্থাপন ও পরিচর্যা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
পরিদর্শন শেষে খামলাই ম্রো বলেন, বন ও পাহাড় পার্বত্য অঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে বন পুনরুদ্ধার কার্যক্রম জোরদার করা হলে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন সম্ভব হবে।
এ সময় বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা আরণ্যক ফাউন্ডেশন ও বিএনকেএস-এর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক পরিবেশ উন্নয়ন সংস্থা IIED ও UK International Development-এর সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা আরণ্যক ফাউন্ডেশন ও বিএনকেএস যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।




