খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে ৩৬৫০ আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ি জেলায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে জেলার মোট ৩ হাজার ৬৫০ জন ভাতাভোগী সদস্যের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

 

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি পৌর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান। তিনি বলেন, ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের জন্য এই ঈদ উপহার কেবল সামগ্রী নয়, বরং এটি বাহিনীর প্রতি মহাপরিচালকের আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন। এ ধরনের উদ্যোগ সদস্যদের দেশসেবায় আরও অনুপ্রাণিত করবে এবং দায়িত্ব পালনে তাদের উৎসাহ বাড়াবে। তিনি সকল সদস্যকে এলাকায় সতর্কতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

 

সভাপতির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান বলেন, বর্তমান মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর সকল স্তরের সদস্যদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছেন। বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ সংস্কারের মাধ্যমে সদস্যদের জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হচ্ছে। তিনি বলেন, এই ঈদ উপহার সদস্যদের ভালো কাজে উৎসাহিত করবে।

 

অনুষ্ঠানে প্রতিটি ভাতাভোগী সদস্যকে ঈদ উপহার হিসেবে দেওয়া হয় ১ কেজি পোলাও চাল, বনফুল লাচ্ছা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, কুলসন বাংলা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, ৩০০ গ্রাম গুঁড়া দুধ ১ প্যাকেট, ৫০০ গ্রাম সুজি ১ প্যাকেট, ৩০০ গ্রাম নুডুলস ১ প্যাকেট, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল।

 

বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে ভিডিপি সদস্যরা স্থানীয় নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে নিবেদিত ভাবে কাজ করছেন। পার্বত্য এলাকায় পাহাড়ধসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায়ও তারা দ্রুত সাড়া দিয়ে প্রশংসা অর্জন করেছেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য যোগদানকৃত খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল, দীঘিনালা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমিন উদ্দিন, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আম্মার হোসেনসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

 

ঈদ উপহার পেয়ে আনসার ও ভিডিপি সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয় এবং সদস্যদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগায়।

Related Articles

Back to top button