খাগড়াছড়িতে ২৫ দিনব্যাপী নারী হকি প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে শুরু হয়েছে ২৫ দিনব্যাপী ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর প্রথম ধাপ। বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে নারী হকিতে নতুন খেলোয়াড় তৈরি ও দক্ষতা বিকাশে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে বাছাইকৃত ২৫ জন নারী হকি প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
জেলা ক্রীড়া অফিসার মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়ার আহ্বায়ক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধি আশরাফ হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রশিক্ষণে হকির মৌলিক কৌশল, নিয়ম-কানুন ও খেলার দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে নারী হকির বিকাশে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



