খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে অসহায়, অসচ্ছল, মেধাবী শিক্ষার্থী, রোগী, ক্ষুদ্র ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
রিজিয়ন সূত্র জানায়, শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন, গণমাধ্যম এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকে গুরুত্ব দিয়েই এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
সহায়তার অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীকে একটি ল্যাপটপ প্রদান করা হয়। পাশাপাশি রাঙামাটি থেকে প্রকাশিত সাপ্তাহিক রূপসী কাপ্তাই পত্রিকার কার্যক্রম আরও গতিশীল করতে একটি মনিটর দেওয়া হয়।
এ ছাড়া খাগড়াছড়ির ১০ জন অসহায় রোগীকে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চার ক্ষুদ্র ব্যবসায়ীকে বসতঘর মেরামতের জন্য পাঁচ বান ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়। দুইজন অসচ্ছল শিক্ষার্থীও শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে আর্থিক সহায়তা পেয়েছেন।
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের অংশ হিসেবে খাগড়াছড়ি বাইতুল করিম মাদ্রাসা কমপ্লেক্স মসজিদের জন্য একটি আধুনিক সাউন্ড সিস্টেম এবং খাগড়াছড়ি মহিলা মাদ্রাসার সংস্কার কাজে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
সহায়তা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা শুধু আর্থিক সংকট মোকাবিলায় নয়, কঠিন সময়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহসও জোগায়।
খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো উন্নয়ন, পুনর্বাসন ও মানবিক সহায়তাসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।




