খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিশ্ব চিন্তা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
বিশ্বব্যাপী গার্ল গাইড ও গার্ল স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও মানবিক চেতনা জাগ্রত করার প্রত্যয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব চিন্তা দিবস।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় জেলা সদরের টিউফা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের খাগড়াছড়ি জেলা কমিশনার ত্রিনা চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানু চাকমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গার্ল গাইডস্’র জেলা সচিব লাকী চাকমা, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের সহকারী শিক্ষক ও “হলদের পাখি” গাইডার সালমা আক্তার, স্থানীয় সচিব সুদেষ্ণা চাকমা এবং গাইড সদস্য রিনু চাকমা,লেলিন বড়ুয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাইড সদস্যরা। এ অনুষ্ঠানে গার্ল গাইডস্ ও হলদের পাখির সদস্যরাও অংশ নেন।
সভায় বক্তারা বিশ্ব চিন্তা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, গার্ল গাইডস্ আন্দোলন কেবল একটি সংগঠন নয়,এটি একটি আদর্শিক শিক্ষাপ্রক্রিয়া, যা কিশোরীদের নেতৃত্ব, আত্মনির্ভরশীলতা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করে। তারা বলেন, বর্তমান প্রজন্মকে প্রযুক্তিনির্ভরতা ও সামাজিক বিচ্ছিন্নতার গণ্ডি থেকে বের করে আনতে গার্ল গাইডস্ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান অতিথি রানু চাকমা তাঁর বক্তব্যে বলেন,“গার্ল গাইডস্ কেবল সহশিক্ষা কার্যক্রম নয়, এটি চরিত্র গঠনের এক শক্তিশালী প্ল্যাটফর্ম। একজন গাইড ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক ও মানবিক নেতৃত্বে পরিণত হতে পারে,এই বিশ্বাস থেকেই আমাদের কাজ করে যেতে হবে।”
সভাপতির বক্তব্যে ত্রিনা চাকমা বলেন,“বিশ্ব চিন্তা দিবস আমাদের মনে করিয়ে দেয়,আমরা একটি বৈশ্বিক পরিবারের অংশ। পারস্পরিক সম্মান, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ চর্চার মধ্য দিয়ে গাইড সদস্যরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।”
অনুষ্ঠানে গাইড সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও শপথ পাঠের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সবশেষে বিশ্ব শান্তি, নারী নেতৃত্বের বিকাশ ও মানবকল্যাণে অব্যাহত ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিশ্ব চিন্তা দিবসের এ আয়োজন খাগড়াছড়ির গার্ল গাইড সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলে।




