খাগড়াছড়িতে ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে ওরিয়েন্টেশন

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে “ডিজিটাল গণতন্ত্রের জন্য মতপ্রকাশের স্বাধীনতা” শীর্ষক মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে কমিউনিটিভিত্তিক অর্ধদিবসীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং প্রত্যাশীর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওরিয়েন্টেশনে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধ, সাইবার নিরাপত্তা এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা, দায়িত্বশীলতা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারিয়া সুলতানা বলেন, বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি মতপ্রকাশ, শিক্ষা ও সামাজিক সচেতনতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। তবে প্রযুক্তির অপব্যবহার, গুজব ও অপতথ্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই তরুণদের দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, কোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করা জরুরি। মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলেও সেই স্বাধীনতা যেন কারও ক্ষতি, বিদ্বেষ বা বিভ্রান্তির কারণ না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
ওরিয়েন্টেশনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রত্যাশীর চট্টগ্রাম অঞ্চলের প্রোগ্রাম অফিসার মাখনুন সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক নিশিতা ত্রিপুরা ও জান্নাতুল মাওয়া।
এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। অংশগ্রহণকারীরা ডিজিটাল নিরাপত্তা, সাইবার সচেতনতা, তথ্য যাচাই পদ্ধতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহারের বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।




