সারাদেশ

শ্রীনগরে ২২ পূজামণ্ডপ ঘুরে দেখলেন এমপি, জলাবদ্ধতা নিরসনের আশ্বাস

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
দুর্গাপূজার আয়োজন ও সার্বিক পরিস্থিতি দেখতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২২টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় পূজামণ্ডপের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বাঘড়া ইউনিয়নের মনিপাড়ায় জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন সংসদ সদস্য।

 

 

সোমবার (১৯ অক্টোবর) উপজেলার বাঘড়া, ভাগ্যকুল, তন্তর, শ্যামসিদ্ধি, হাসাড়া, পাটাভোগ, ষোলঘর, শ্রীনগর ও রাঢ়ীখাল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

 

 

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের খোঁজখবর নেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার পরিবেশ সম্পর্কে অবহিত হন।

 

 

পরিদর্শনের একপর্যায়ে বাঘড়া ইউনিয়নের মনিপাড়ায় জলাবদ্ধতার পরিস্থিতি দেখেন সংসদ সদস্য। এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তাঁর এ আশ্বাসে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের সমস্যাটির স্থায়ী সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল দাস, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি রাহাদুল ইসলাম রিপন ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধীর দত্ত, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিউল আলম খান আজম, বাঘড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল সাহা এবং ভাগ্যকুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন দাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Related Articles

Back to top button