ফেনীতে ঝটিকা মিছিলের নেতৃত্বের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি:
ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে বালিগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ফেনী শহরের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর ও মহিপাল বিসিক এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে নেজামের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফেনী মডেল থানার এএসআই আকতারুজ্জামান মিলন জানান, নেজামের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। এর আগে অস্ত্রসহ তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল বের করার অভিযোগে নেজামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত আগস্টে মহিপালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার নেজাম বালিগাঁও ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেবুর নাহার বকুলের স্বামী।




