খাগড়াছড়িতে টিলা কেটে মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পৌরসভার উত্তর সবুজবাগ এলাকার রসুলপুরে অবৈধভাবে টিলা কেটে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মো. শাহজাহানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন।
জেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে উত্তর সবুজবাগের রসুলপুর এলাকায় অনুমতি ছাড়াই টিলা কেটে মাটি উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড় ও টিলা কেটে পরিবেশ ধ্বংস এবং অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।




