খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

বন ও বন্যপ্রাণী রক্ষায় সচেতনতার আহ্বান

খাগড়াছড়িতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ দিবস

খাগড়াছড়ি প্রতিনিধি:
“বন্যপ্রাণী ও বন, সবাই মিলে সংরক্ষণ” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

 

 

শুক্রবার (২২ মে) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ি মাতাই পুখিরি এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও বায়োডাইভারসিটি ইকোসিস্টেমস রেস্টুরেশন ফর কমিউনিটি রেজিলিয়েন্স (বিইআরসিআর) ইন সিএইচটি’র উদ্যোগে, ইকোসিস্টেমস রেস্টুরেশন অ্যান্ড রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট (ERRD-CHT) ও ইউএনডিপির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মাতাই পুখিরি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জীববৈচিত্র্য সংরক্ষণ, বন ও বন্যপ্রাণী রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে স্থানীয় জনগণের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

বক্তারা বলেন, পার্বত্যাঞ্চলের বন ও প্রাকৃতিক সম্পদ দেশের পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বন ধ্বংস, পাহাড় কাটা ও বন্যপ্রাণী নিধন রোধে সবাইকে সচেতন হতে হবে।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুনছড়ি মৌজার হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা, করলিয়া প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর ত্রিপুরা লায়ন, বায়োডাইভারসিটি এনভায়রনমেন্ট প্রকল্পের ডিস্ট্রিক্ট অফিসার সুকেতন চাকমা, প্রধান শিক্ষক রাজেন্দ্র রোয়াজা, জ্ঞানদর্শী চাকমা, নকুল ত্রিপুরা ও ইউসিআরএফ প্রতিনিধি তনয়া চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

 

এছাড়া দেবতাপুকুর, যৌথখামার ও নুনছড়ি থলিপাড়া এলাকার বিভিন্ন কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

Related Articles

Back to top button