ল্যাপটপ চুরির ঘটনায় ঠিকাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে ল্যাপটপ চুরির ঘটনায় এক ঠিকাদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপ-প্রকৌশলী মোঃ আব্দুল বারিক, উপজেলা প্রকৌশলীর পক্ষে বাদি হয়ে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলা পরিষদের এলজিইডি অফিসে কর্মরত উপ-প্রকৌশলী বাদী হয়ে জানান, গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটে অফিসের কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা অফিস ত্যাগ করেন। তবে অসাবধানতাবশত অফিসের একটি দরজা তালাবদ্ধ করা হয়নি।এই সুযোগে অভিযুক্ত ঠিকাদার মিজান অফিসে প্রবেশ করে উপজেলা প্রকৌশলীর টেবিল থেকে একটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কৌশলে ব্যাগে নিয়ে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি অফিসের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও উল্লেখ করা হয়।
পরবর্তীতে বিষয়টি জানতে পেরে বাদী অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করলে তিনি ল্যাপটপ ফেরত দিতে অস্বীকৃতি জানান।
পরে উপজেলা প্রকৌশলীর নির্দেশনায় উপ-প্রকৌশলী বাদী হয়ে শ্রীনগর থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল মিঞা বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




