জেলা পরিষদ ও সেনাবাহিনীর উদ্যোগে পানছড়িতে মতবিনিময় ও মানবিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ ব্রিগেড খাগড়াছড়ি সদর জোনের সার্বিক সহযোগিতায় পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার অংশ হিসেবে জেলার সীমান্ত বর্তী পানছড়ি উপজেলার দুর্গম লোগাং এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, নগদ আর্থিক সহায়তা, বিভিন্ন বিদ্যালয়ে খেলার সামগ্রী ও নারী উদ্যোগক্তা দের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন এবং পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নিটোল মনি চাকমা, প্রফেসর আব্দুল লতিফ, শহিদুল ইসলাম সুমন, ধনেশ্বর ত্রিপুরা, জয়া ত্রিপুরা, অনিময় চাকমা, মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, ভুমিধর রোয়াজা, চেঙ্গী সারিবালা কলেজের অধ্যক্ষ কিরণ চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও উপকারভোগীরা।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জোন ও জেলা পরিষদের উদ্যোগে আড়াইশত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, ১৬ জন অসহায় পাহাড়ি নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি চেঙ্গী আইডিয়াল স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পুজগাং মুখ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ এবং পৃথক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি সেনা জোন কর্তৃক মানবিক সহায়তার অংশ হিসেবে কিডনি রোগে আক্রান্ত একজন অসহায় ব্যক্তিকে ২০ হাজার টাকা এবং হৃদরোগে আক্রান্ত আরেকজনকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এতে মোট দুইজন অসহায় ব্যক্তির মাঝে ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা লোগাং ও পুজগাং এলাকায় মিনি হাসপাতাল স্থাপন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, ই-লার্নিং ব্যবস্থা চালু, ছাত্রাবাস নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সংস্কার এবং গ্রামীণ সড়ক পাকা করণের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা উত্থাপিত দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন এবং পার্বত্য এলাকার সার্বিক উন্নয়নে জেলা পরিষদ ও সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
এদিকে একইদিন খাগড়াছড়ি জোন (৩০ বীর)-এর তত্ত্বাবধানে মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আবরার আহমেদের নেতৃত্বে লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।




