
বোয়ালমারী (ফরিদপুর):
ফরিদপুরের বোয়ালমারীতে বিস্ফোরক প্রস্তুত ও মজুদের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শামীম নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার বাড়ি থেকে ককটেল বোমা, বিস্ফোরক উপাদান ও ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মমিন মার্কেট সংলগ্ন নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার শামীম আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য বলে জানা গেছে।
সেনা সূত্র জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় শামীমের বসতঘর তল্লাশি করে ৩টি ককটেল বোমা, দুই প্যাকেট বিস্ফোরক গুঁড়া, ৪৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, শামীম স্থানীয়ভাবে ইয়াবা ব্যবসা ও মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। সে নিজ বাড়িতেই ককটেল বোমা প্রস্তুত করে সেগুলো মজুদ রাখত। উদ্ধারকৃত বিস্ফোরক ও সরঞ্জাম জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল বলেও জানানো হয়।
আটক শামীমকে উদ্ধারকৃত আলামতসহ বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “শামীমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাকে জেলা বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”
সেনা সূত্র আরও জানায়, অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




