৪৩ ব্যাটালিয়নের কয়লারমুখ চেকপোস্টে ১৬ লাখ টাকার কাঠ জব্দ

রামগড় প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে কাঠ পাচার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ৪৯৫ দশমিক ২৩ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা কাঠের সিজার মূল্য প্রায় ১৬ লাখ ২ হাজার ৬৯৫ টাকা।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানায়, রবিবার (৬ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৩টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ কয়লারমুখ চেকপোস্টের একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় জোরারগঞ্জ থানার আওতাধীন কয়লারমুখ চেকপোস্টের সামনে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকারের ওই কাঠ আটক করা হয়।
তবে অভিযানে কাঠ পরিবহনের সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, পার্বত্য চট্টগ্রাম এলাকায় অবৈধ মাদকদ্রব্য, কাঠসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের অধীনস্থ কয়লারমুখ চেকপোস্টে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। চেকপোস্টটিতে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন নিরলসভাবে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত ও গুরুত্বপূর্ণ সড়কপথে সন্দেহজনক যানবাহন ও মালামাল তল্লাশির মাধ্যমে অবৈধ পণ্য পরিবহন বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবির দাবি, চেকপোস্টে নিয়মিত তল্লাশি ও নজরদারি জোরদারের ফলে ওই এলাকায় চোরাচালান প্রবণতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। একই সঙ্গে অবৈধভাবে পাচার হওয়া পণ্য আটক করে সরকারের রাজস্ব আয়েও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। চেকপোস্টে তল্লাশি কার্যক্রম আরও জোরদারের মাধ্যমে অবৈধ পণ্য পরিবহন ও পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।




