লংগদু সেনাজোনের উদ্যোগে আধুনিক সোলার ডিপ টিউবওয়েল স্থাপন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
লংগদু উপজেলায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে স্থাপন করা হয়েছে একটি আধুনিক সোলার ডিপ টিউবওয়েল, যা স্থানীয় মানুষের দীর্ঘদিনের পানির কষ্ট অনেকটাই লাঘব করবে।
মঙ্গলবার (৩১ মার্চ ) আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে টিউবওয়েলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি’র সার্বিক তত্ত্বাবধানে মেজর আল জাকারিয়া জন, জেডএসও এটির উদ্বোধন করেন।
জানা গেছে, এই সোলারচালিত ডিপ টিউবওয়েল থেকে ভাঙ্গামুড়া হকপাড়া এলাকার প্রায় ৭৫টি পরিবার সরাসরি উপকৃত হবে। এর মধ্যে রয়েছে ৭৫টি পরিবার। ফলে এলাকার মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা তৈরি হবে, যা জনস্বাস্থ্য সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধন অনুষ্ঠানে মেজর আল জাকারিয়া জন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি টিউবওয়েলের সঠিক ব্যবহার, সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “লংগদু জোন সবসময় স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নমূলক কার্যক্রমে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু পানির সমস্যা সমাধানই নয়, বরং সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সম্পর্ককে আরও দৃঢ় করবে।
উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব উদ্যোগ পার্বত্য অঞ্চলে টেকসই উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।




