
রাজবাড়ী প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসন এবং সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে শহরের আজাদী ময়দানে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
উদ্বোধনের আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান।
সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এবং জেলা বিএনপির নেতা গাজী আহসান হাবীব।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে বৃক্ষমেলার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। এ সময় ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।
আয়োজকরা জানান, সাত দিনব্যাপী এ বৃক্ষমেলায় বিভিন্ন নার্সারি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলার মাধ্যমে জনসাধারণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।




