রমজান উপলক্ষে লংগদু জোনের ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে লংগদু জোনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জোনের দায়িত্বপূর্ণ এলাকার ১০০টি পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় জোন কমান্ডার বলেন, পবিত্র মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই মাসে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা গভীর সন্তোষ প্রকাশ করেন। তারা লংগদু জোন ও বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং জোন কমান্ডারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
স্থানীয়রা মনে করেন, এ ধরনের উদ্যোগ শুধু সহায়তা নয়—এটি পার্বত্য এলাকায় সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করে। পবিত্র রমজানের এ আয়োজন সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।




