
স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ :
শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকশা এলাকায় পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী দক্ষিণ পাইকশা গ্রামের আব্দুল ওহাব দেওয়ানের ছেলে মোঃ সাজ্জাদ দেওয়ান (৪২) জানান, গত ১৩ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৪টার দিকে পূর্ব বিরোধকে কেন্দ্র করে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।
অভিযোগে বলা হয়, একই এলাকার আরিফ বেপারী (৩৬), রোমান মাঝি (২০), শেখ আব্দুল্লাহ (৩৮), স্বপন শেখ (৪৭), অপু শেখ (৪০), হাসান শেখ রানা (৩৮), আরিয়ান (৩৮)সহ অজ্ঞাতনামা আরও ৫–৭ জন হামলায় অংশ নেয়। হামলাকারীরা লোহার রড দিয়ে আব্দুল ওহাব দেওয়ান (৮০)-কে মারধর করে গুরুতর আহত করে। তাকে রক্ষা করতে গেলে সাজ্জাদ দেওয়ানসহ ইমরান মাঝি (৪৭), শুভ মাঝি (২৭) ও আলামিন মাঝি (২৬) আহত হন।
এ সময় হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর চালিয়ে নগদ অর্থ ও মালামালের ক্ষতি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
পুলিশ জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।




