খেলাধুলা

মাশরাফির করোনা জয়

সাহস দিলেন আক্রান্তদের

নানা গুজব ছড়িয়েছিল মাশরাফি বিন মর্তুজার করোনা পরীক্ষার ফল নিয়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভ্রান্তি দূর করতে নিজেও বিবৃতি দিয়েছেন এ নিয়ে। তবে এবার আর বিভ্রান্তি নয়, গতকাল নিজের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি জানিয়ে দিলেন তিনি এখন করোনামুক্ত। তাঁর ছোট ভাই মোরসালিন বিন মর্তুজার করোনাভাইরাস পরীক্ষার ফলও এসেছে নেগেটিভ। তবে মাশরাফির স্ত্রী সুমনা হকের ফল পজিটিভ এসেছে আবারও।

গতকাল রাতে পরীক্ষার ফল পাওয়ার কথা জানিয়ে মাশরাফি ফেসবুকে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করোনাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজ রাতেই (গতকাল) ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যাঁরা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানাভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনো পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি।’

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ১৯ জুন পরীক্ষা করিয়েছিলেন মাশরাফি। পরদিন তার ফল আসে পজিটিভ। আক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। অনেকটা সুস্থ অনুভব করায় ডাক্তারের পরামর্শে মাঝে আবারও পরীক্ষা করিয়েছিলেন। তবে ফল আসে পজিটিভ। এরপর একটু সময় নিয়ে করা পরীক্ষায় পেলেন সুখবরটা।

পুরো সময়টা মাশরাফি চিকিৎসা নিয়েছেন বাড়িতে। সেই উদাহরণ দিয়ে সাহস জোগালেন অন্যদের, ‘বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যাঁরা আক্রান্ত হয়েছেন সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন।

Related Articles

Leave a Reply

Back to top button