বন্যার্ত মানুষের পাশে সরকার, সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে-স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

চকরিয়া, চট্টগ্রাম:
কক্সবাজারের চকরিয়ার বন্যাকবলিত ও নদীভাঙন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ক্ষয়ক্ষতির সরকারি জরিপ শেষে সরকারি, বেসরকারি ও দলীয় উদ্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ।
শুক্রবার (১৭ জুলাই) ফাঁসিয়াখালী, বরইতলী ইউনিয়ন, চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুচপাড়া এবং মাতামুহুরী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমদ বলেন, “বিএনপি জনগণের সরকার। তাই আমরা সবসময় মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সরকারি, বেসরকারি ও দলীয় উদ্যোগে বন্যাকবলিত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সড়ক, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, বসতঘর, কৃষিজমি, গবাদিপশুসহ সার্বিক ক্ষয়ক্ষতির সরকারি জরিপ ইতোমধ্যে শুরু হয়েছে। জরিপের ফলাফলের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “যেসব এলাকায় রান্না করা খাবারের প্রয়োজন ছিল, সেখানে তা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবার, খাদ্যসামগ্রী ও অন্যান্য জরুরি সহায়তাও সরকারি, বেসরকারি এবং দলীয় উদ্যোগে বিতরণ করা হচ্ছে।”
সকালে সড়কপথে চকরিয়া উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শনের সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নিজেই জরুরি ত্রাণসামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, জেলা প্রশাসক আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু. ফখরুদ্দীন ফরায়েজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিমসহ প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
জানা গেছে, আগামী শনিবার (১৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণের কর্মসূচি রয়েছে।




