
ফটিকছড়ি, চট্টগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার নানুপুর–খিরাম সড়কের লম্বা টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল খিরাম ইউনিয়নের মগকাটা এলাকার আব্দুল কাদেরের ছেলে। গুরুতর আহত ব্যক্তি আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন তালুকদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিল ও আলাউদ্দিন তালুকদার চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ গ্রাম খিরাম মগকাটায় ফিরছিলেন। পথিমধ্যে লম্বা টিলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি চাঁদের গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দিন তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম বলেন, খিরাম এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




