পার্বত্য অঞ্চলবান্দরবান

পার্বত্য চট্টগ্রামে বনভূমি পুনরুদ্ধারে সিবিও সদস্যদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

থানচি,বান্দরবান:
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি সংরক্ষণ ও পুনরুদ্ধার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে “Scaling up Forest Landscape Restoration in Chittagong Hill Tracts” প্রকল্পের আওতায় কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সিবিও) সদস্যদের জন্য সংগঠন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় এনজিও সংস্থা হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশনের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IIED ও UK International Development–এর অর্থায়নে অরণ্যক ফাউন্ডেশনের সহযোগিতায় বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এ কর্মশালার আয়োজন করে।

 

 

 

কর্মশালায় সভাপতিত্ব করেন অরণ্যক ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহির উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, অরণ্যক ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মংহ্লাছিং মারমা, বিএনকেএস পার্টনার প্রোগ্রাম লিড সুগত চাকমা এবং সমাজসেবা সুপারভাইজার আমির হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে এস কে জহির উদ্দিন বলেন, পার্বত্য চট্টগ্রামের বন ও প্রাকৃতিক সম্পদ শুধু এ অঞ্চলের জন্য নয়, বরং পুরো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগোষ্ঠীকে সংগঠিত করে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বনভূমি পুনরুদ্ধার করা গেলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জীবিকায়ও ইতিবাচক পরিবর্তন আসবে। সিবিও সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পেলে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

 

 

বিশেষ অতিথি আমির হোসেন বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সিবিও সদস্যরা নেতৃত্ব, স্বচ্ছতা, আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনা প্রণয়নে বাস্তবভিত্তিক ধারণা লাভ করবেন, যা ভবিষ্যতে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদের প্রতি সম্মান রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

সভাপতির বক্তব্যে অরণ্যক ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, অরণ্যক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে বনভূমি পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীল উন্নয়নে কাজ করে আসছে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো স্থানীয় সিবিও সদস্যদের সাংগঠনিকভাবে শক্তিশালী করা, যাতে তারা নিজেরাই পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে নেতৃত্ব দিতে পারেন।

 

অরণ্যক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, মাঠপর্যায়ের সহায়তা ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

 

কর্মশালায় সংগঠন গঠন ও পরিচালনা, নেতৃত্ব উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং বনভূমি পুনরুদ্ধারের কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশিক্ষণ কর্মশালায় পাড়ার উন্নয়ন কমিটি (সিবিও) সদস্যরা অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button