খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়ি বাজারে তেল বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষ

আহত ২

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তেল বিক্রিকে কেন্দ্র করে দোকান কর্মচারী ও ক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পানছড়ি বাজারের তবলছি সড়কে অবস্থিত মেসার্স পাপড়ি এন্টারপ্রাইজ তেলের দোকানে এ ঘটনা ঘটে।

জানা যায়, মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৩০) প্রথমে তার ট্রাক্টরের জন্য ৩০ লিটার তেল ক্রয় করেন। পরে তার ভাই মো. সুজন ইসলাম (৩৬) একই দোকানে পুনরায় ৩০ লিটার তেল নিতে গেলে দোকানের হেলপার মো. মিজানুর রহমান (৩৩)-এর সঙ্গে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে সুজন ইসলাম দোকান কর্মচারীকে ধাক্কা দিলে তিনি তেলের ড্রামের ওপর পড়ে গিয়ে মুখে আঘাত পান। এর জেরে দোকান কর্মচারী দোকান থেকে বের হয়ে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে রফিকুল ও সুজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় তাদের ওপর রেঞ্জ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

এতে রফিকুল ইসলামের মাথা ফেটে যায় এবং দুই ভাই আহত হন। খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনায় এলাকায় উত্তেজনা শান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

Related Articles

Back to top button