পানছড়ি–দীঘিনালার ২৬ ভোট কেন্দ্রে দায়িত্বে ৩ বিজিবি

খাগড়াছড়ি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার পানছড়ি ও দীঘিনালায় ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকালে পানছড়ি লোগাং জোন কার্যালয়ের মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান লোগাং জোন কমান্ডার লে. কর্নেল মো. রবিউল ইসলাম পিপিএম (সেবা)।
তিনি জানান, পানছড়ি উপজেলার ২৫টি এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ১টি সহ মোট ২৬টি ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। এর মাধ্যমে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, খাগড়াছড়ি জেলার মোট ৯টি উপজেলার মধ্যে ৮টিতে সরাসরি নির্বাচন নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্তবর্তী ৬টি উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করছে বাহিনীটি। এতে জেলার প্রায় ৩৭ হাজারেরও বেশি ভোটারের ভোটাধিকার সুরক্ষিত থাকবে বলে জানানো হয়।
নির্বাচনী দায়িত্বের পাশাপাশি সীমান্তের সুরক্ষা, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ দমনে ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে পাহাড়ি চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের আওতায় সিআইও কার্যক্রম চলমান রয়েছে।
লে. কর্নেল মো. রবিউল ইসলাম আরও জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ হিসেবে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তিন ধাপে বিজিবি সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব প্রশিক্ষণের মধ্যে ছিল STX অনুশীলন, রায়ট কন্ট্রোল সামগ্রী ব্যবহার এবং ড্রোন পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ।
তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পানছড়ি উপজেলায় ৪৮টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় ১১টি হেলি সাপোর্ট ভোটকেন্দ্রে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন। নাইট ভিশন, বডি ক্যামেরা ও আধুনিক সরঞ্জাম ব্যবহার করে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।
বিজিবি আশাবাদ ব্যক্ত করে জানায়, সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে তারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোটারের ভোটাধিকার সুরক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই বাহিনীটির প্রধান লক্ষ্য।
এ সময় ৩ বিজিবি-র উপ অধিনায়ক মেজর ইমরুল কায়েশ,অপারেশন অফিসার মেজর নাইমুল মুশফিক, ৩ বিজিবি-র স্টাফ অফিসারগন, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।




