পানছড়িতে ফিস্টুলা সনাক্তকরণ ক্যাম্পেইন শুরু

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলাতে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলের লক্ষ্যে ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ১৫ দিনব্যাপী বিশেষ সনাক্তকরণ ক্যাম্পেইন শুরু হয়েছে।
২২ ফেব্রুয়ারী ২০২৬ ,রবিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা সভাপতিত্ব করেন। সহ-সভাপতি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন। এ সময় স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবার পরিকল্পনা এবং নিরাপদ প্রসব নিশ্চিত করলে ফিস্টুলা প্রতিরোধ সম্ভব।
UNFPA ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ-এর সহায়তায় পরিচালিত এ কর্মসূচির আওতায় মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য রোগী শনাক্ত করবেন। সন্দেহভাজন রোগীদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল-এ পাঠানো হবে এবং প্রয়োজন হলে জাতীয় ফিস্টুলা সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে।
উদ্যোক্তারা আশা করছেন, কর্মসূচি সফল হলে ২৩ মে আন্তর্জাতিক ফিস্টুলা দিবসে পানছড়িকে ফিস্টুলা মুক্ত ঘোষণা করা সম্ভব হবে।




