নির্বাচন ও গণভোটে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি

খাগড়াছড়ি প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আয়োজনে এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
সভায় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহের নিরাপত্তা, সমন্বিত টহল কার্যক্রম, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচন চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী, প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সমন্বয় ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে খাগড়াছড়িতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ও গণভোট আয়োজন সম্ভব হবে।




