পার্বত্য অঞ্চলবান্দরবান

দুলাচরণ পাড়ায় সেনাবাহিনীর বৃক্ষরোপণ, বিতরণ করা হলো ২০০ চারা

বান্দরবান প্রতিনিধি:
প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং পাহাড়ধসের ঝুঁকি কমাতে বান্দরবানের দুর্গম দুলাচরণ পাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

 

 

সোমবার (২০ জুলাই) বাকলাইপাড়া সাবজোনের আওতাধীন তামলোপাড়া টিওবি-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন তামলোপাড়া টিওবি-এর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মিরাজ। এ সময় সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

 

পরে স্থানীয়দের মধ্যে বিনামূল্যে ২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে চারাগুলোর যথাযথ পরিচর্যার অঙ্গীকার করেন।

 

 

লেফটেন্যান্ট মিরাজ বলেন, পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধি সবার সম্মিলিত দায়িত্ব। দেশের নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলের পরিবেশ সংরক্ষণ, জনকল্যাণ ও টেকসই উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় জনগণের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।

Related Articles

Back to top button