পার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচি–রুমা সীমান্তে বম গ্রামগুলোতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিনিধি, থানচি,বান্দরবান:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী-এর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থানচি–রুমা সীমান্তবর্তী দুর্গম বম অধ্যুষিত গ্রামগুলোতে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান করেছে।

 

 

থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী প্রতা বম পাড়া, বাকলাই বম পাড়া, সিত্লাংপি বম পাড়া, সেরকর বম পাড়া ও থানদয় বম পাড়াসহ বিভিন্ন দুর্গম গ্রামে ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত এ মেডিকেল সেবায় দুই শতাধিক জনগোষ্ঠীর মানুষ চিকিৎসা সহায়তা গ্রহণ করেন।

 

 

 

“দি ম্যাজেস্টিক টাইগার্স” খ্যাত ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়কের পক্ষে বাকলাই পাড়া সেনা সাবজোন কমান্ডার মেজর আসিফ জুবায়েরের নেতৃত্বে সেনাসদস্যরা গ্রামে গ্রামে গিয়ে এ সেবা প্রদান করেন।

 

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি দুর্গম পাহাড়ে কেএনএ সশস্ত্র সন্ত্রাসীদের একটি গুপ্ত আস্তানা ধ্বংসের পর স্থানীয়দের মধ্যে ভীতি ও আতঙ্ক বিরাজ করছিল। এ প্রেক্ষাপটে সেনাবাহিনী নিরাপত্তা জোরদার, টহল বৃদ্ধি এবং গ্রামবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে বসবাস করতে পারেন।

 

 

চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় কমিউনিটি চার্চের ধর্মযাজক সানত্লিং বম বলেন, “এ ধরনের দুর্গম এলাকায় দক্ষ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান সত্যিই প্রশংসনীয়। সেনাবাহিনীর সহযোগিতার ফলে আমরা পরিবার-পরিজন নিয়ে নিরাপদে জীবনযাপন করতে পারছি।”

 

 

জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বম অধ্যুষিত গ্রামগুলোতেও অনুরূপ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চলে যেখানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও মানসম্মত চিকিৎসা সেবা পাওয়া কঠিন, সেখানে সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয়দের মাঝে আস্থা ও স্বস্তি ফিরিয়ে এনেছে।

 

 

দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সচেষ্ট। পাহাড়ের প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে বাহিনীটি দেশসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে স্থানীয়রা মনে করছেন।

Related Articles

Back to top button