থানচিতে সামাজিক–রাজনৈতিক সম্প্রীতি বিষয়ে মতবিনিময় সভা

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলায় সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি এবং সহনশীলতা বৃদ্ধিতে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।
“আস্থার ভিত্তি, তারুণ্যের শক্তি” স্লোগানে বান্দরবান পার্বত্য জেলা আস্থা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এবং গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)-এর বাস্তবায়ন সহযোগিতায় এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন আস্থা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি অংচমং মারমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এ ক্ষেত্রে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, থানচি থানার ওসি কানন সরকার, নির্বাচন কর্মকর্তা মো. রাশেল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তরুণ সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।




