
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে অপহৃত ঠিকাদার মো. আমু হোসেন (৫০)-কে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে মাংলে ম্রো (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে মুক্তিপণের নগদ ৩ লাখ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২১ মে রাতে থানচি বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে ঠিকাদার আমু হোসেনকে অপহরণ করা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করা হলে তারা অর্থ প্রদান করেন।
ঘটনার পর বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের দিক নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল থানচি উপজেলার বিদ্যামনি পাড়া এলাকায় গভীর রাতে অভিযান পরিচালনা করে।
অভিযানে অপহৃত ঠিকাদারকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে মাংলে ম্রোকে আটক করা হয়। উদ্ধার করা হয় মুক্তিপণের ৩ লাখ টাকা ও অপহরণে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে বাহিনীটি।
এদিকে থানচির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।




