গণভোটে জন সম্পৃক্ততা বাড়াতে খাগড়াছড়িতে জেলা ইমাম সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি ॥
গণভোটে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত ও গণতন্ত্রকে শক্তিশালী করতে খাগড়াছড়িতে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে গণভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্ব বিষয়ে আলোচনা করা হয়।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে ইসলামী ফাউন্ডেশন খাগড়াছড়ির উপ-পরিচালক মো. আনোয়ার কবির-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।
প্রধান অতিথি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়া এবং এর সফল বাস্তবায়নে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। এ ক্ষেত্রে সমাজে নৈতিক নেতৃত্বদানকারী ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা ও জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।
সম্মেলনে জেলার ৯ উপজেলার প্রায় ৫০০ জন ইমাম অংশগ্রহণ করেন এবং নিজ নিজ এলাকায় গণভোটের পক্ষে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




