
ডেক্স নিউজ:
খাগড়াছড়িতে ক্রিকেটপ্রেমীদের জন্য শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত মাসব্যাপী জেলা ক্রিকেট লিগ। শনিবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর অর্থায়নে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও দর্শকদের উপস্থিতিতে পুরো স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ ও উদ্দীপনার আবহ।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও জেলা ক্রিকেট লিগ টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক মো. আনোয়ার সাদাত বলেন,“পাহাড়ের খেলোয়াড়দের সঠিকভাবে নার্সিং ও পরিচর্যা করতে পারলে তারা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে।”
তিনি আরও বলেন, জেলা ক্রিকেট লিগ শুধু একটি টুর্নামেন্ট নয়; এটি পাহাড়ি এলাকার তরুণদের প্রতিভা বিকাশের একটি বড় সুযোগ। নিয়মিত এমন প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং তারা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
বক্তারা বলেন, এই লিগ ক্রিকেটারদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এবারের জেলা ক্রিকেট লিগে খাগড়াছড়ি জেলার মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে বহুমুখী সমবায় সমিতি ও প্রজন্ম ক্লাব মুখোমুখি হয়। প্রাণবন্ত এই ম্যাচে প্রজন্ম ক্লাবকে ১০ উইকেটে পরাজিত করে বহুমুখী সমবায় সমিতি টুর্নামেন্টে শুভ সূচনা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিসিবি কিউরেটর জাহিদ রেজা বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য শাহরিয়ার ইউনুস, মো. আনিসুল আলম চৌধুরী ও মো. রাকিব মনি ইফতিসহ জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা এবং ক্রীড়া সংগঠকরা।
বক্তারা আরও বলেন, পাহাড়ি জেলা খাগড়াছড়িতে ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়নে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। মাসব্যাপী এই জেলা ক্রিকেট লিগ সেই উদ্যোগকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা, এই লিগের মাধ্যমে খাগড়াছড়ির ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়রা নিজেদের মেধা, দক্ষতা ও আত্মবিশ্বাস প্রমাণের সুযোগ পাবে।




