খাগড়াছড়ির পেরাছড়া উচ্চ বিদ্যালয়ে আগুনে ভবন পুড়ে ছাই

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ধর্মপুর এলাকায় অবস্থিত পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের একটি পুরাতন টিনশেড ভবন অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ১২টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ভবনটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ইনচার্জ মুকুল কুমার নাথ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ভবনটির ভেতরে থাকা প্রায় ৩০ থেকে ৪০ জোড়া বেঞ্চসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী আগুনে পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন আশপাশের ভবনে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পেয়েছে বলে জানা গেছে।




